ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ডেপুটি স্পিকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ৫৭ সদস্যের একটি শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদল সংসদ ভবনস্থ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই. কান এ ভবনের নকশা প্রণয়ন করেন। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের অনেক গবেষক তাঁদের গবেষণার কাজে এসব নথি ও তথ্য ব্যবহার করতে এখানে আসেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই এখন থেকেই নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বৃত্তি ও স্কলারশিপ পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যেন মা-বাবা তাঁদের নিয়ে গর্ব করতে পারেন। অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। এ জন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা ডেপুটি স্পিকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে তাঁরা আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ,শিক্ষক-শিক্ষার্থী,ডেপুটি স্পিকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত