ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

টুঙ্গিপাড়া থানায় নাশকতা: ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়া থানায় নাশকতা: ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি করা হয়েছে।

গত ২২ নভেম্বর দায়ের করা এ মামলায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে ১ নম্বর এবং সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ইলিয়াস সরদারকে ২ নম্বর আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিএম তাওফিক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল শেখ ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস। এ ছাড়া সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস এবং টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামছুল হকসহ ২৬ জনকে আসামি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৯। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর পাশাপাশি দণ্ডবিধি ও অস্ত্র আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই মো. আরিফুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খুনের উদ্দেশে মারধর করে পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে তারা। একইসঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।

ক্ষয়ক্ষতির বিষয়ে মামলার বিবরণীতে বলা হয়েছে, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ ছাড়া সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু ঢাকা পোস্টকে বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার হয়নি।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গ্রেফতার হওয়া কয়েকজনকে ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন।

আবা/এসআর/২৬

টুঙ্গিপাড়া,থানা,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত