
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া, সামারচর, আমঘাটা, চৈতারচর, রাজারচর ও চর মাকুহাটি গ্রামে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় সেলিম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় চার বছর বয়সী এক শিশুসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নিহত সেলিম মোল্লার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশুরান গ্রামের আব্দুর রহমান (৪) নামে আহত শিশুটির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন মোল্লা এবং বিএনপি নেতা রহিম মোল্লার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে বিরোধ চলে আসছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয়দের দাবি। নির্বাচন সামনে রেখে দুই পক্ষের বিরোধ ক্রমেই সংঘাতমুখী হয়ে উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই সপ্তাহ আগে নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে আওলাদ মোল্লার পক্ষের লোকজন রহিম মোল্লার অনুসারীদের গ্রামছাড়া করে। ওই ঘটনার রেশ ধরে বিরোধ আরও বিস্তৃত হয়। এমনকি একটি পক্ষকে সমর্থন করার অভিযোগে পার্শ্ববর্তী ইউনিয়ন আধারার শোলারচর গ্রামের প্রায় ২০ থেকে ৩০টি পরিবারকেও গ্রামছাড়া করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত সপ্তাহের সংঘর্ষের পর বৃহস্পতিবার ভোরে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোর থেকে থেমে থেমে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ একপর্যায়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারেননি। নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় সময় কাটান।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিম মোল্লাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত অন্যদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, এ ঘটনায় দুই পক্ষের সমর্থকেরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। সংঘর্ষের পর মোল্লাকান্দির বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে দোকানপাট বন্ধ রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং সাধারণ পরিবারকে গ্রামছাড়া করার ঘটনা এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি করেছে। একজনের প্রাণহানি ও চার বছরের শিশুসহ অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। রাজনৈতিক বিরোধের জেরে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা যেন জিম্মি হয়ে না পড়ে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তাঁরা।
মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন মোল্লা জানান, তিনি সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করতে চান। তাঁর প্রতিপক্ষ রহিম মোল্লা লোকজন নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতে ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হতে চান।
এ ঘটনায় একাধিকবার চেষ্টা করা হলেও রহিম মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।