
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এর পর তিনি এভারকেয়ার হাসপাতালে যান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসবেন। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে বলেও জানান তিনি।
ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার জন্য দেশের বাইরে নেয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং উনারা দেখবেন। দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।
খালেদা জিয়াকে এ মুহূর্তে দেশের বাইরে নেয়ার সুযোগ নেই বলেও জানান তার এই ব্যক্তিগত চিকিৎসক। তিনি বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি আছে; কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে, রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’