ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা রশিদুল ইসলাম রতনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রশিদুল ইসলাম রতন উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে গ্রেপ্তার রতনকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। ২৮ অক্টোবর রাত ৩টার দিকে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় রতনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মোবাইল ফোন ও মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার মাধ্যমে এসব অবৈধ মোবাইল ফোন দেশের বিভিন্ন শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো বলে জানা গেছে। রতন ও তার কয়েকজন নিকটাত্মীয়ের সমন্বয়ে গঠিত একটি চক্রের মাধ্যমে এ ব্যবসা পরিচালিত হয়ে আসছিল।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, রতনকে গ্রেপ্তারে পুলিশ এর আগেও একাধিকবার অভিযান চালিয়েছিল। তবে প্রতিবারই তিনি কৌশলে পালিয়ে যান। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

উদ্ধার,ভারতীয় মোবাইল,৪ লাখ টাকা,ভূরুঙ্গামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত