
বগুড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাস নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান।
উপাচার্য সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে নয়টি বিভাগ চালুর সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গত ১৩ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। প্রস্তাবিত বিভাগগুলোর চূড়ান্ত অনুমোদন পাওয়া সাপেক্ষে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য স্মার্ট বোর্ডসমৃদ্ধ চারটি শ্রেণিকক্ষ, একটি কম্পিউটার ল্যাবরেটরি, কেন্দ্রীয় লাইব্রেরি, নারী শিক্ষার্থীদের কমন রুম, সুপেয় পানির ব্যবস্থা ও অগ্নিনিরাপত্তাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রস্তুত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো সম্পর্কে উপাচার্য জানান, এ পর্যন্ত বগুড়া বিশ্ববিদ্যালয়ের ছয়জন সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন। পূর্ণাঙ্গ সিন্ডিকেট গঠন এবং প্রস্তাবিত বিভাগগুলোর চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হলে বিধিবিধান অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ বোর্ডের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রসঙ্গে উপাচার্য জানান, এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক কার্যক্রম চলমান রয়েছে। স্থায়ী ক্যাম্পাসের স্থান চূড়ান্ত হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। মতবিনিময় সভায় তিনি বগুড়া বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গণমাধ্যম, শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবক ও বগুড়াবাসীর সহযোগিতা কামনা করেন।