
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়।
এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি ওই বৈঠকে চূড়ান্ত করা হবে।
এছাড়া বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। গত ৬ আগস্ট এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
আবা/এসআর/২৬