ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দুই সিটি করপোরেশনে প্রার্থী তালিকায় পরিবর্তন আনছে এনসিপি

দুই সিটি করপোরেশনে প্রার্থী তালিকায় পরিবর্তন আনছে এনসিপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ভোটার এলাকা পরিবর্তন করে এনসিপির মুখপাত্র আসিফ ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছেন।

অপরদিকে ঢাকা উত্তর সিটি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন গেলেন ঢাকা দক্ষিণ সিটিতে।

এর আগে, ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছিল দলটি। সেই অবস্থান থেকে সরে আসছে তারা। এখনো ঘোষণা করা না হলেও দলের মধ্যে মোটামুটি নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে- ঢাকা উত্তরে প্রার্থী হবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী।

আগামী দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী আবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা।

এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত তাদের দলের দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের তথ্য দিয়ে বলেন, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে আবেদন করেছিলেন তারা। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন সেই আবেদন অনুমোদন করেছে।

আসিফ ধানমন্ডি থেকে উত্তর সিটির আওতাধীন আফতাবনগর এলাকায় ভোটার হয়েছেন।

অপরদিকে নাসীরুদ্দীন উত্তরা এলাকা বদলে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে গত ২ সেপ্টেম্বর ভোটার স্থানান্তরে ৫ দিন সময় দিয়েছিল নির্বাচন কমিশন। ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। এসব আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আবা/এসআর/২৬

সিটি করপোরেশন,প্রার্থী,এনসিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত