ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

লংমার্চে সহযোগিতা চেয়ে ঢাকার ডিসিকে জামায়াতের চিঠি

লংমার্চে সহযোগিতা চেয়ে ঢাকার ডিসিকে জামায়াতের চিঠি

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর (শনিবার) ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা চেয়ে ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষে সহযোগিতার অনুরোধসংবলিত চিঠি পৌঁছে দেন।

পরে উপস্থিত সাংবাদিকদের ড. হেলাল উদ্দিন বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবিসহ ৮ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ার অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালিত হবে।”

তিনি জানান, ওই দিন সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ লংমার্চ যাত্রা শুরু করবে।

ড. হেলাল উদ্দিন বলেন, লংমার্চের পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড়, খুলনার শিববাড়ী মোড় (বাবরি চত্বর), খুলনার ফুলতলা বাসস্ট্যান্ড স্বাধীনতা চত্বর, যশোরের মুজদী মোড় এবং চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সবশেষে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, লংমার্চ কর্মসূচির গাড়িবহর, জনসভা ও পথসভাগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পুলিশ, ট্রাফিক ও সড়ক ও জনপথ বিভাগের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ঢাকা জেলা প্রশাসককে একটি চিঠি দিয়েছেন। প্রতিনিধি দলটি ওই চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দিলে তা গ্রহণ করা হয়েছে বলে জানান ড. হেলাল উদ্দিন।

জামায়াতের চিঠি,ঢাকার ডিসি,লংমার্চে সহযোগিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত