ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুর-রংপুরে ২ কেজি গাঁজা ও ১৯৬ বোতল এসকাফ জব্দ

দিনাজপুর-রংপুরে ২ কেজি গাঁজা ও ১৯৬ বোতল এসকাফ জব্দ

দিনাজপুর ও রংপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১৯৬ বোতল এসকাফ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে এসআরবি-১৩ গণমাধ্যমকে জানায়, গ্রেপ্তাররা হলেন—দিনাজপুর সদর উপজেলার শেখহাট এলাকার মৃত ইন্দ্রমোহনের মেয়ে সন্ধ্যা রায় ওরফে ঝলকি (৪৬) এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার খামারভাতি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মনিরুজ্জামান (২৩)।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে দিনাজপুরের কোতোয়ালি থানার বড়ইল গ্রামে অভিযান পরিচালনা করে সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল।

এ সময় সন্ধ্যা রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

একই দিন দুপুর ২টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাবু তাঁতিপাড়া গ্রামে সদর কোম্পানি, এসআরবি-১৩ রংপুরের একটি আভিযানিক দল চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৯৬ বোতল এসকাফ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক মো. মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এসকাফ জব্দ,১৯৬ বোতল,২ কেজি গাঁজা,দিনাজপুর-রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত