ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এনসিপির দলীয় সূত্র জানায়, ব্যক্তিগত সফরের অংশ হিসেবে রোববার কুষ্টিয়ায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রথমে তিনি কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে যান। মাজার পরিদর্শন শেষে ভেতরে স্থানীয় শিল্পীদের গান শুনছিলেন এবং ফেসবুকে লাইভ করছিলেন। এ সময় তার ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় বলে দলীয় সূত্রের দাবি।

এনসিপির একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কুষ্টিয়া পৌর ছাত্রদলের সদস্য সংগ্রাম নামে এক ব্যক্তির নেতৃত্বে হামলা ও ভাঙচুর চালানো হয়।

তবে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাস করে না। যদি এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো নেতা বা কর্মী জড়িত থাকে, তাহলে এর দায়-দায়িত্ব তাকে বা তাদেরই বহন করতে হবে।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ। রাত ৮টা ২৪ মিনিটের দিকে ফেসবুকে দেয়া ওই পোস্টের সঙ্গে হামলার ঘটনায় ভাঙচুর করা গাড়ির ছবিও পোস্ট করেছেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা। বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। ন্যায়, অধিকার ও আজাদির যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।

আবা/এসআর/২৬

লালন,হামলা,নাসীরুদ্দীন পাটওয়ারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত