অনলাইন সংস্করণ
১৬:৩৫, ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর দাবি, ওই ঘটনায় জড়িতরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয় উল্লেখ করার পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দিয়েছে বাহিনীটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
এ সময় আরএনবি সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
পরবর্তীতে শিক্ষার্থীরা জানতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, আনসার সদস্য নন। একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কোনো আনসার সদস্যের সম্পৃক্ততা নেই। বাহিনীর ভাষ্য, প্রকৃত তথ্য যাচাই না করে এ ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এবং এতে বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
বাহিনীটি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবার প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে।