ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

যশোরে পূজামণ্ডপে কিশোরদের সংঘর্ষ, আনসারের হাতে আটক ৭

যশোরে পূজামণ্ডপে কিশোরদের সংঘর্ষ, আনসারের হাতে আটক ৭

যশোরের ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে কিশোরদের সংঘর্ষ প্রতিরোধ করে ৭ জনকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নম্বর বারোয়ারি কৃষ্ণনগর পূজামন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

পরে আটক কিশোরদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে আনুমানিক ১৫ থেকে ২০ জন কিশোরের মধ্যে মারামারি ও সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে তারা পূজামন্দিরের ভেতরে প্রবেশ করলে দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার-ভিডিপির সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। দায়িত্ব পালনরত ছয়জন সদস্য সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে সংঘর্ষে জড়িত কিশোরদের নিবৃত্ত করেন। এ সময় সাতজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপির সদস্যরা হলেন কমান্ডার মো. আব্দুল আলীম, ভিডিপি সদস্য মুছা করিম, আনসার সদস্য মো. আব্দুল হাকিম, আনসার সদস্য মো. রাকিব হোসেন, ভিডিপি সদস্য হাসিবুল ইসলাম এবং আনসার সদস্য মো. আব্দুর রহিম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। যশোরের এ ঘটনা পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

আটক ৭,আনসারের হাত,কিশোরদের সংঘর্ষ,যশোর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত