ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

তরুণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ঢাকায় জাতীয় সম্মেলন

তরুণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ঢাকায় জাতীয় সম্মেলন

তরুণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ‘ফ্রম অ্যাসপিরেশন টু অ্যাচিভমেন্ট: ন্যাশনাল সামিট অন ইয়ং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড লিডারশিপ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়।

‘প্রমোশন অব উইমেন্স এমপাওয়ারমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স বিল্ডিং (পাওয়ার)’ প্রকল্পের আওতায় আয়োজিত সম্মেলনে নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং তরুণ নারীরা অংশ নেন। বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা কিশোরী ও তরুণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, নেতৃত্বের সক্ষমতা ও সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রায়, বিশেষ করে তরুণ ও নারীদের উন্নয়নে সেভ দ্য চিলড্রেনের এ ধরনের উদ্যোগ সরকারকে অনুপ্রাণিত করবে।

দক্ষতা অর্জন ও বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু সনদ অর্জনের চেয়ে বাস্তবভিত্তিক দক্ষতা উন্নয়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে সরকার তরুণদের জন্য এ ধরনের সুযোগ তৈরি করতে চায়। জনগণের প্রকৃত ক্ষমতায়নের জন্য বিশেষ করে তরুণ ও নারীদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি। এ সময় প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত তরুণীদের অভিনন্দন জানান এবং আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানান মাহদী আমিন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা প্রধান দীপা শঙ্কর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ‘আর্ন’ প্রকল্পের পরিচালক কাজী মোখলেছুর রহমান।

দীপা শঙ্কর তরুণদের সামগ্রিক উন্নয়নে শিক্ষা ও দক্ষতা বিকাশের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে সাধারণ বিকল্প হিসেবে না দেখে মূলধারার শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। তরুণীদের স্বাবলম্বী করতে সেভ দ্য চিলড্রেনের এ উদ্যোগের সাফল্যও কামনা করেন তিনি।

কাজী মোখলেছুর রহমান এ ধরনের প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘আর্ন’ প্রকল্পসহ বিভিন্ন যুব উন্নয়নমূলক কার্যক্রমে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন। তিনি তরুণীদের ক্ষমতায়নে সেভ দ্য চিলড্রেনের উদ্যোগের প্রশংসা করেন।

দিনব্যাপী সম্মেলনের শুরুতে তরুণ নারী অংশগ্রহণকারীদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রা ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরা হয়। পরে নীতিনির্ধারণী সংলাপ ও প্যানেল আলোচনায় তরুণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের সহায়ক পরিবেশ জোরদার এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তরুণ ও নিয়োগকর্তাদের মধ্যে ব্যবধান কমানোর উপায় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া কৌশলগত আলোচনা, প্রদর্শনী ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তরুণ নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা ও নেতৃত্ব বিকাশের পথ সুগম করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

পাওয়ার প্রকল্প

নারীর ক্ষমতায়ন ও সহনশীলতা বৃদ্ধি (পাওয়ার) প্রকল্পটি গার্লস এডুকেশন অ্যান্ড স্কিলস পার্টনারশিপ (জিইএসপি) তহবিলের আওতায় কিশোরগঞ্জ জেলার ১৩ থেকে ২৫ বছর বয়সী ২৬ হাজারের বেশি কিশোরী ও তরুণীর অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে।

বিশেষ করে যারা শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নয়, তাদের কারিগরি, বৃত্তিমূলক ও জীবনদক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সামাজিক বাধা দূর করার ওপর প্রকল্পটি গুরুত্ব দিচ্ছে।

পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) শিক্ষা, পরিবেশবান্ধব দক্ষতা এবং যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমেও তাদের ক্ষমতায়ন ও সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) এবং ইউনিসেফের সহায়তায় সেভ দ্য চিলড্রেনের নেতৃত্বে ইউসেপ বাংলাদেশ, দ্য আর্থ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর অংশীদারত্বে প্রকল্পটি ২০২৪ সালের মার্চ থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে।

জাতীয় সম্মেলন,ঢাকা,অর্থনৈতিক ক্ষমতায়ন,তরুণ নারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত