অনলাইন সংস্করণ
১৮:৪৬, ২৪ নভেম্বর, ২০২৬
জাপানের এমইউএফজি ব্যাংক লিমিটেড (মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ)-এর ব্যবস্থাপনা পরিচালক কেনজি কিমুরা মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ব্যাংকটির কর্মকর্তা আহমাস সাভিম রব তার সঙ্গে ছিলেন।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে আগামী জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়ে এমইউএফজি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, জাপানের মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে। প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৪৫০ মার্কিন ডলার করে বৃত্তি দেওয়া হয়।