ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রেসিপি

শাপলা দিয়ে তিনটি পদ

শাপলা শুধু জলাশয়ের সৌন্দর্যই বাড়ায় না, এটি গ্রামবাংলার পরিচিত এক সুস্বাদু সবজিও। শাপলার ডাঁটা দিয়ে তৈরি করা যায় নানা পদের মুখরোচক খাবার। চিংড়ি বা নারকেল দিয়ে তরকারি, ভাজি কিংবা ভর্তা— প্রতিটি পদেই রয়েছে দেশি স্বাদের আলাদা আমেজ। শাপলা দিয়ে তৈরি তিনটি সহজ ও মজাদার রেসিপি দিয়েছে— মরিয়ম বেগম
শাপলা দিয়ে তিনটি পদ

নারকেল চিংড়ি দিয়ে শাপলাডাঁটা ভাজি

যা লাগবে : শাপলাডাঁটা ২ আঁটি, পানি পরিমাণমতো, মাথা বাদে চিংড়ি ১ মুঠো (মাঝারি আকারের), কোরানো নারকেল আধা কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৫ থেকে ৬টি, চিনি আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ।

যেভাবে করবেন : শাপলাডাঁটার আঁশ ছাড়িয়ে ১ ইঞ্চি আকারে কেটে ধুয়ে রাখতে হবে। বড় হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। তাতে কেটে রাখা শাপলাডাঁটা দিয়ে দিন। নেড়ে সঙ্গে সঙ্গে পানি ঝরিয়ে নিন। এতে ডাঁটার রং সুন্দর থাকবে। চিংড়ি আধা চা-চামচ হলুদগুঁড়া দিয়ে মেখে নিন। প্যানে তেল দিয়ে লবণ ও চিংড়ি দিয়ে অল্প ভেজে নিন। পেঁয়াজকুচি দিয়ে হালকা ভেজে নিন। ভাপানো শাপলাডাঁটা, বাকি হলুদগুঁড়া, ফালি করা কাঁচা মরিচ দিয়ে ভাজতে হবে। এ সময় চুলার আঁচ বাড়ানো থাকবে, ঢাকা যাবে না। এতে শাপলাডাঁটার রং কালচে হয়ে যাবে আর পানি বেরিয়ে ঘেঁটে যাবে। নাড়াচাড়া করে পানি শুকিয়ে কোরানো নারকেল, চিনি আর লবণ দিয়ে ভেজে নিন। চুলা থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। চাইলে পেঁয়াজকুচির সঙ্গে একটু কালিজিরার ফোড়ন দিয়েও স্বাদে ভিন্নতা আনতে পারেন।

শাপলাডাঁটা দিয়ে বেলে মাছের ঝোল

যা লাগবে : মাঝারি আকারের বেলে মাছ ১০ টুকরা, শাপলাডাঁটা ১ আঁটি, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, আস্ত টালা জিরা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি বা স্বাদমতো, ধনেপাতাকুচি ২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ৩ টেবিল চামচ।

যেভাবে করবেন : শাপলাডাঁটার আঁশ ছাড়িয়ে নিন। ২ ইঞ্চি লম্বা করে টুকরা করে কেটে নিন। ধুয়ে রাখতে হবে। প্যানে তেল গরম করে নিন। পেঁয়াজকুচি বেরেস্তা করে তুলে রাখুন। বেরেস্তা আর টালা জিরা একসঙ্গে মিহি করে বেটে রাখতে হবে। এবার সেই তেলে হলুদগুঁড়া, ধনেগুঁড়া, ফালি করা কাঁচা মরিচ আর লবণ দিয়ে একটু কষিয়ে নিন। এরপর মাছ দিয়ে কষিয়ে নিন। তুলে রাখুন। বাকি মসলার মধ্যে শাপলাডাঁটা দিয়ে অল্প নেড়েচেড়ে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে ৫ মিনিট রান্না করতে হবে। এতে কষানো মাছ আর বেটে রাখা মসলা দিয়ে দিন। সাবধানে মিশিয়ে নিতে হবে। সেই সঙ্গে ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। ২ থেকে ৪ মিনিট চুলায় রেখে দিন। তৈরি হয়ে গেল বেলে-শাপলাডাঁটার ঝোল। একই প্রক্রিয়ায় ইলিশ মাছ বা চিংড়ি ব্যবহার করে এ পদ বানানো যাবে।

শাপলা দিয়ে চিংড়ির তরকারি

যা লাগবে : শাপলার ডাঁটি ৫০০ গ্রাম, ছোট চিংড়ি ২০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ৩ থেকে ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ৩ থেকে ৪টি।

যেভাবে করবেন : প্রথমে শাপলার ডাঁটির আঁশ ছাড়িয়ে সমান আকারে কেটে নিন। অল্প লবণ মেখে একটি স্ট্রেইনারে ১০ মিনিট রেখে দিন, যাতে অতিরিক্ত পানি ঝরে যায়। চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিন। সামান্য লবণ মেখে আলাদা করে রাখুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া ও জিরাগুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে শাপলা দিয়ে নেড়ে মিশিয়ে ঢেকে দিন। আলাদা করে পানি দেওয়ার দরকার নেই, শাপলা থেকেই পর্যাপ্ত পানি বের হবে। শাপলা নরম ও প্রায় সেদ্ধ হয়ে এলে চিংড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কাঁচা মরিচ ফেড়ে দিয়ে দিন। এরপর ১০ থেকে ১২ মিনিটের মতো রান্না করুন। ঝোল ঝোল রাখতে চাইলে কিছুটা পানি থাকতেই নামিয়ে নিন। নয়তো ঝোল শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত