
প্রথম বাংলাদেশি হিসেবে ফ্যাশন দুনিয়ায় সন্মানজনক পুরস্কার 'হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড' পেলেন দেশের খ্যাতনামা বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। কয়েক দশক ধরে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে এ আয়োজন। এবারের আসর বসেছিল ২৪ নভেম্বর দেশটির ম্যানিলা শহরে। এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে একজন বাংলাদেশির পুরস্কার জয় নিঃসন্দেহে ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য আনন্দময় ঘটনা। এ অর্জন নিয়ে কাজী কামরুল ইসলাম বলেন, এটা আসলেই আমার জীবনের সেরা অর্জন। তবে এ অর্জন আমার একার নয়, আমি হেয়ার এশিয়ারমতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি যা পুরো দেশের জন্যই গর্বের।
শুধু পুরস্কার গ্রহণই নয়, হেয়ার এশিয়ার এবারের আসরে বিশ্বের ৮টি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিচারক প্যানেলেও ছিলেন কাজী কামরুল ইসলাম। এ আসর থেকে এ বছরের এশিয়ার সেরা মেকাপ আর্টিস্ট ও সেরা হেয়ার স্টাইলিস্ট নির্বাচন করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর কাজী কামরুল ইসলাম আরো জানান, বি.কে কর্পোরেট সলিউশনস সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয়বারেরমতো দেশে আয়োজন করতে যাচ্ছেন 'হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৭'। এ আয়োজন ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী বছরের এপ্রিলে। আর এতে অংশ নিতে আসবেন হেয়ার এশিয়ার বিচারকদেরই একাধিক হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট। উল্লেখ্য ব্লু বার্ড ইভেন্টসের সিস্টার কনসার্ন বি.কে কর্পোরেট সলিউশনস।