ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রেসিপি

সামুদ্রিক মাছের তিন পদ

সামুদ্রিক মাছের স্বাদ ও পুষ্টিগুণ— দুটিই অনন্য। বেলে, টুনা ও লইট্টা মাছ দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের মজার পদ। কখনো মসলা মাখিয়ে ঝাল, কখনো ভুনা, আবার কখনো ভিন্ন স্বাদের চচ্চড়ি— রান্নার ধরন অনুযায়ী প্রতিটি মাছেই আসে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। প্রতিদিনের খাবারের তালিকায় নতুনত্ব আনতে এ তিন সামুদ্রিক মাছের রেসিপি দিয়েছেন— মরিয়ম বেগম
সামুদ্রিক মাছের তিন পদ

শিম ও টমেটো দিয়ে সামুদ্রিক বেলে মাছের ঝোল

যা লাগবে : শিম ৫০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, সামুদ্রিক বেলে মাছ ১০ পিস, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি পাঁচ থেকে ছয়টা, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

যেভাবে করবেন : মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিন। শিম কেটে ধুয়ে পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে আদা ও রসুনবাটা দিয়ে অল্প পানি দিন। পরে হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। এবার বেলে মাছ দিয়ে তিন-চার মিনিট কষিয়ে অন্য পাত্রে তুলে রাখুন। পরে কষানো মসলায় শিম দিয়ে কষিয়ে ঝোলের পানি দিন। ফুটে উঠলে টমেটো ফালি দিন। কিছুটা রান্না হলে কষানো মাছ দিন। শেষে কাঁচা মরিচ ফালি ও ধনেপাতাকুচি দিয়ে আবারও দুই-তিন মিনিট রান্না করে নামিয়ে নিন লবণ দেখে। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

টুনা মাছের কিমা দিয়ে চচ্চড়ি

যা লাগবে : টুনা মাছের কিমা ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, সিদ্ধ ভুট্টা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৭/৮টি, ধনে পাতা, ক্যাপসিকাম কুচি, কালোজিরা সামান্য ও লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : প্রথমে ফ্রাইপ্যানে গরম তেলে কালোজিরা ও রসুন কুচি দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, গাজর কুচি দিয়ে ঢেকে দিতে হবে। সিদ্ধ ভুট্টা ও কাঁচা মরিচ দিয়ে আবারও ঢেকে দিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিতে হবে একটু সিদ্ধ হলে এতে ক্যাপসিকামের কুচি ঢেলে দিন। এবার রসুন বাটা দিয়ে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও একটু পানি দিয়ে কষাতে হবে। ৫ মিনিট পর এতে টুনা ফিস কিমা ও ধনে পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন।

লইট্টা মাছ ভুনা

যা লাগবে : লইট্টা মাছ বড় বড় পিস করে কাটা, রসুন বাটা ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ৬/৭ টি, আলু ?কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল আধা কাপ, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : প্রথমে গরম তেলে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিতে হবে। এরপর কুচানো আলু ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এতে লবণ দিতে হবে। একটি বাটিতে লইট্টা মাছ নিয়ে একে একে রসুন বাটা, হলুদ ও মরিচ গুঁড়া, লবণ, সরিষা তেল নিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে আলু হালকা সিদ্ধ হয়ে গেলে মাখানো মাছ ঢেলে দিতে হবে। এরপর হালকা পানি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত