
শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’। গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ক্যাম্পাসে এর উদ্বোধন করা হয়। এবারের আসরে অংশগ্রহণের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে ভিএলএসআইথন। দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১০৬টি দলের প্রায় ২১০ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন, যা ভিএলএসআই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ। এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে সেমিকন্ডাক্টর শিল্পের অন্যতম চাহিদাসম্পন্ন ডোমেইন ‘প্লেস অ্যান্ড রাউট (পিএনআর)’। আগামী কয়েক সপ্তাহ ধরে বাছাই পর্ব, প্রশিক্ষণ কর্মশালা, কেস বিশ্লেষণ ও সমাধান, নিজস্ব আইডিয়া উপস্থাপন এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে নির্বাচিত সেরা দলগুলো চূড়ান্ত পর্বে অংশ নেবে। সেখান থেকে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপ দল নির্বাচিত হবে।
বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রদূত ‘উল্কাসেমি’র আয়োজনে, উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। দেশের বৃহত্তম চিপ ডিজাইন প্রতিযোগিতা হিসেবে পরিচিত এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, একসময় ইইই ও সিএসই বিভাগের খুব অল্পসংখ্যক শিক্ষার্থীই ভিএলএসআই খাতে ক্যারিয়ার গড়ার বিষয়ে আগ্রহী ছিল। আজ ভিএলএসআইথনে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ দেখে আমি সত্যিই আনন্দিত ও আশাবাদী। এটি প্রমাণ করে, আমাদের তরুণদের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আগ্রহ দ্রুত বাড়ছে। আগামীতে দেশেই এ খাতে দক্ষতা অর্জন ও ক্যারিয়ার গড়ার আরও বড় সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীদের সেমিকন্ডাক্টর প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে এবং ভবিষ্যৎ দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভিএলএসআইথনের মতো বৃহৎ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। সেখান থেকে নির্বাচিত দলগুলো কেস বিশ্লেষণ ও সমাধান এবং নিজস্ব আইডিয়া উপস্থাপনের সুযোগ পাবে। ভিএলএসআইথন ৩.০-এর বিজয়ী দলগুলোর জন্য মোট দুই লাখ টাকা মূল্যমানের পুরস্কার নির্ধারণ করা হয়েছে।