ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আদালতে নিষিদ্ধ মেটার স্মার্ট চশমা

আদালতে নিষিদ্ধ মেটার স্মার্ট চশমা

নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি বিবেচনায় ইংল্যান্ড ও ওয়েলসের সব আদালত ভবনে মেটার ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা নিষিদ্ধ করা হয়েছে। আদালতে প্রবেশের সময় কারও কাছে এ ধরনের চশমা থাকলে তা সাময়িকভাবে জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত থেকে বের হওয়ার সময় চশমাটি মালিককে ফেরত দেওয়া হবে।

ইংল্যান্ড ও ওয়েলসের আদালত পরিচালনাকারী সংস্থা হিজ ম্যাজেস্টিস কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস সার্ভিস বা এইচএমসিটিএস এ সিদ্ধান্ত নিয়েছে। আদালতের ভেতরে ছবি ও ভিডিও ধারণের ওপর বিদ্যমান আইনি বিধিনিষেধের কারণেই স্মার্ট চশমার ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এইচএমসিটিএসের এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেছেন, আদালত ও ট্রাইব্যুনালের ভেতরে ছবি তোলা বা ভিডিও ধারণের বিষয়ে স্পষ্ট আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে কারণেই মেটার স্মার্ট চশমা আদালত ভবনে ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না।

কেন স্মার্ট চশমা নিয়ে এত উদ্বেগ : মেটার স্মার্ট চশমা দেখতে অনেকটা সাধারণ চশমার মতো হলেও এতে ক্যামেরা ও মাইক্রোফোন রয়েছে। ফলে ব্যবহারকারী চাইলে আশপাশের দৃশ্য বা কথোপকথনের অংশ ধারণ করতে পারেন। যদিও ক্যামেরা চালু হলে চশমায় একটি দৃশ্যমান আলো জ্বলে ওঠে, তারপরও গোপনে তথ্য ধারণের আশঙ্কা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁ, থিয়েটার ও পানশালার মতো জায়গায়ও এ ধরনের চশমা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আদালতের মতো সংবেদনশীল জায়গায় যেখানে সাক্ষ্য, ব্যক্তিগত তথ্য ও বিচারিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়, সেখানে এই ঝুঁকি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

স্মার্টফোন থাকলেও চশমায় নিষেধাজ্ঞা কেন : আদালতে নির্দিষ্ট শর্ত মেনে স্মার্টফোন নিয়ে প্রবেশের সুযোগ থাকলেও স্মার্ট চশমার ক্ষেত্রে একই ধরনের সুবিধা রাখা হয়নি।

এর কারণ হিসেবে মূলত চশমার রেকর্ডিং সুবিধার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত