
মানুষের তথ্য খোঁজার পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাবের কারণে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে উইকিপিডিয়া। গত এক বছরে সাইটটিতে ভিজিট বা পেজ ভিউ প্রায় ৮ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নাডেট মিহান।
অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এআই মডেলগুলোর জন্য উইকিপিডিয়া তথ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হলেও, একই প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা সরাসরি সাইটে প্রবেশ না করেই উইকিপিডিয়া-ভিত্তিক তথ্য পেয়ে যাচ্ছেন। এর ফলে অনলাইন এই বিশ্বকোষটি টিকিয়ে রাখার পুরো ইকোসিস্টেমটি হুমকির মুখে পড়তে পারে।
যদিও এ পতন অপ্রত্যাশিত ছিল না, তবুও বিষয়টি নিয়ে ফাউন্ডেশন উদ্বিগ্ন বলে জানান যুক্তরাষ্ট্রের চিলিতে নিযুক্ত সাবেক এই রাষ্ট্রদূত, যিনি গত জানুয়ারিতে উইকিমিডিয়ার শীর্ষ পদে দায়িত্ব নেন।
মিহান বলেন, সমস্যা হলো জেনারেটিভ এআই সিস্টেমগুলো মানুষের তৈরি উইকিপিডিয়ার বিশাল তথ্যভাণ্ডারের ওপর ব্যাপকভাবে নির্ভর করলেও কিছু কোম্পানি এর জন্য অর্থ পরিশোধ করতে চায় না।
নির্ভরযোগ্য ও উচ্চ-ভলিউমের ডেটা অ্যাক্সেসের জন্য বড় বাণিজ্যিক ব্যবহারকারীদের কাছ থেকে ফি নিয়ে থাকে উইকিমিডিয়া।