
বিনা টাকায় সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মুদি দোকানিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে দোকান। আগুনে দোকানি মো. ইব্রাহিম খলিল (৩৫) গুরুতর দগ্ধ হয়েছেন। প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত মো. সুমন (৩০) পালিয়ে গেলেও পুলিশের অভিযানে প্রায় আড়াই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের পাশে সাহিতপুর বাজারের 'ইসরাত জাহান স্টোরে' এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চেংজানা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল রাতে দোকানে বেচাকেনা করছিলেন।
এ সময় একই গ্রামের মৃত কদে নেওয়াজের ছেলে সুমন দোকানে এসে টাকা না দিয়ে সিগারেট চান। ইব্রাহিম এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুমন দোকানে বিক্রির জন্য রাখা পেট্রলের বোতল নিয়ে দোকানের ভেতর ও সামনে পেট্রল ছিটিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তিনি দ্রুত সরে যান। আগুন ছড়িয়ে পড়লে ইব্রাহিমের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।এ ঘটনায় দোকানের প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে সহিলাটি গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।