ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ইইউর অভিযোগ

শিশু-কিশোরদের ডিপ্রেশনের দিকে ঠেলছে টিকটক

শিশু-কিশোরদের ডিপ্রেশনের দিকে ঠেলছে টিকটক

শিশু-কিশোরদের ডিপ্রেশন বা বিষণ্ণতাসহ নিজের ক্ষতি করার ঝুঁকি বাড়াচ্ছে টিকটকের কনটেন্ট দেখানোর পদ্ধতি। ব্যবহারকারীরা যে ধরনের ভিডিও দেখেন, অ্যালগরিদম তাদের বারবার সেই ধরনের ভিডিও দেখায়। এতে কেউ মানসিক স্বাস্থ্যবিষয়ক সমস্যার ভিডিও দেখতে শুরু করলে তাকে ক্রমেই আরও ক্ষতিকর কনটেন্টের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি হয়। বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন এবং তা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে টিকটক। এমন গুরুতর অভিযোগ এনেছে ইউরোপীয় কমিশন।

বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষা ও সুরক্ষায় সরাসরি কাজ কারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি এ বিষয়ে 'টিকটকের 'র‍্যাবিট হোল' নিয়ে ইইউর পদক্ষেপ কি সামাজিক যোগাযোগমাধ্যমের ডিজাইনে আসলে পরিবর্তন আনতে পারবে?' এমনটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেটি প্রথমে প্রকাশিত হয়েছে টেকপলিসি প্রেসে। এর আগে ৬ নভেম্বর ইউরোপীয় কমিশন জানিয়েছে, টিকটকের 'ফর ইউ' ফিডের এ ব্যবস্থা ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘন করতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে তারা। কমিশনের অভিযোগ, টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারীদের বিষণ্ণতা, একাকিত্ব, নিজেদের ক্ষতি করা ও শরীরের গঠন নিয়ে উদ্বেগের মতো পরিস্থিতির মধ্যে আটকে ফেলতে পারে। বিশেষ করে শিশু-কিশোর ও মানসিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য এর পরিণতি গুরুতর হতে পারে।

কমিশন এ প্রবণতাকে বলছে 'র‍্যাবিট হোল ইফেক্ট'। অর্থাৎ, ব্যবহারকারী একবার কোনো নির্দিষ্ট ধরনের ভিডিও দেখতে শুরু করলে অ্যালগরিদম তাকে একই ধরনের আরও ভিডিও দেখাতে থাকে। একপর্যায়ে ব্যবহারকারী এমন কনটেন্টের ধারাবাহিক প্রবাহে আটকে যেতে পারেন, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারীর ভিডিও দেখা, লাইক দেওয়া ও অন্যান্য সম্পৃক্ততার তথ্য বিশ্লেষণ করে কনটেন্ট সুপারিশ করে। কেউ ওজন কমানো বা শরীরের গঠন নিয়ে উদ্বেগজনক ভিডিও বারবার দেখলে সেটিকে আগ্রহের সংকেত হিসেবে ধরে একই ধরনের আরও ভিডিও দেখানো হয়। অথচ এ ধরনের কনটেন্ট বারবার দেখলে বিষণ্ণতা ও উদ্বেগ বাড়তে পারে, নিজের শরীর নিয়ে অসন্তুষ্টি তৈরি হতে পারে এবং আগে থেকে থাকা মানসিক স্বাস্থ্য সমস্যা আরও খারাপ হতে পারে।

কমিশনের অভিযোগ, এ ঝুঁকি সম্পর্কে যথাযথ মূল্যায়ন করেনি টিকটক। ঝুঁকি কমাতে প্রতিষ্ঠানটির নেওয়া ব্যবস্থাও কার্যকর নয়। কনটেন্টের বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগ একই ধরনের ভিডিওর পুনরাবৃত্তি যথেষ্ট কমাতে পারেনি। এমনকি 'নট ইন্টারেস্টেড' বাটনে চাপ দিলেও ব্যবহারকারীর ফিড থেকে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট পুরোপুরি সরছে না। কারণ অ্যালগরিদম ব্যবহারকারীর স্পষ্ট পছন্দের চেয়ে ভিডিও দেখার সময়কে বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণে টিকটকের 'ফর ইউ' ফিডের ডিজাইন পরিবর্তনের প্রয়োজন বলে মনে করছে কমিশন।

ব্যবহারকারীর সরাসরি জানানো পছন্দকে বেশি গুরুত্ব দেওয়া, ভিডিও দেখার সময়কে সুপারিশের প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার বন্ধ করা এবং কনটেন্ট নিয়ন্ত্রণের সুবিধা আরও কার্যকর করার সুপারিশ করেছে তারা। অ্যালগরিদম নিয়মিত পরীক্ষা করার কথাও বলেছে কমিশন।টিকটক অবশ্য অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির দাবি, কমিশনের পর্যবেক্ষণ তাদের প্ল্যাটফর্মের কাঠামো ও ব্যবহারকারীর নিরাপত্তায় নেওয়া উদ্যোগকে ভুলভাবে উপস্থাপন করেছে।

ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভিজ্ঞতা নিয়ন্ত্রণের সুযোগ এবং নিরাপত্তাব্যবস্থা রয়েছে বলেও দাবি করেছে তারা। এটি এখনো ইউরোপীয় কমিশনের প্রাথমিক তদন্তের ফল। টিকটককে তদন্তের নথি পর্যালোচনা এবং নিজের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে ডিএসএ অনুযায়ী প্রতিষ্ঠানটির বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।গবেষণায় উঠে এসেছে ক্ষতিকর কনটেন্টের ভয়াবহ চিত্র : টিকটকের বিরুদ্ধে কমিশনের অভিযোগের পেছনে রয়েছে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিক গবেষণার উদ্বেগজনক ফল।২০২৩ সালের ৭ নভেম্বর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, টিকটকের অ্যালগরিদম শিশুদের বিষণ্ণতা, আত্মক্ষতি ও আত্মহত্যাসংক্রান্ত কনটেন্টের দিকে নিয়ে যেতে পারে।

গবেষণায় কেনিয়া ও যুক্তরাষ্ট্রে ১৩ বছর বয়সী ব্যবহারকারীর আদলে ৩০টির বেশি পরীক্ষামূলক অ্যাকাউন্ট তৈরি করা হয়। পাশাপাশি কেনিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রে কয়েকটি অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যালগরিদমের আচরণ পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় দেখা যায়, মানসিক স্বাস্থ্যবিষয়ক ভিডিওতে আগ্রহ দেখানো পরীক্ষামূলক অ্যাকাউন্টগুলোতে টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ব্যবহারের পর প্রতি দুটি ভিডিওর প্রায় একটি ছিল মানসিক স্বাস্থ্যসংক্রান্ত এবং সম্ভাব্য ক্ষতিকর। এ ধরনের ভিডিও দেখানো হয়েছিল একই বিষয়ে আগ্রহ না দেখানো অ্যাকাউন্টগুলোর তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

আরও উদ্বেগজনক বিষয়, গবেষকদের হাতে পরিচালিত পরীক্ষায় মাত্র তিন থেকে ২০ মিনিটের মধ্যে 'ফর ইউ' ফিডের অর্ধেকের বেশি ভিডিও বিষণ্ণতা ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে চলে যায়। এক ঘণ্টার মধ্যে আত্মহত্যাকে স্বাভাবিক বা আকর্ষণীয় হিসেবে তুলে ধরে, এমন একাধিক ভিডিওও সুপারিশ করা হয়। ২০২৫ সালের আগস্টে যুক্তরাজ্যভিত্তিক মলি রোজ ফাউন্ডেশনের 'পারভেসিভ বাই ডিজাইন' শীর্ষক গবেষণায়ও একই ধরনের ঝুঁকি উঠে আসে। গবেষকেরা ১৫ বছর বয়সী কিশোরীর পরিচয়ে পরীক্ষামূলক অ্যাকাউন্ট তৈরি করে টিকটক ও ইনস্টাগ্রামের কনটেন্ট সুপারিশব্যবস্থা পর্যবেক্ষণ করেন। আগে থেকেই আত্মহত্যা, নিজেদের ক্ষতি করা ও বিষণ্ণতাসংক্রান্ত কনটেন্টে আগ্রহ দেখানো টিকটক অ্যাকাউন্টগুলোতে দেখা সুপারিশকৃত ভিডিওর ৯৬ শতাংশেই সম্ভাব্য ক্ষতিকর বিষয়বস্তু ছিল। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও এ হার ছিল ৯৭ শতাংশ।

গবেষকেরা সতর্ক করেছেন, এ ধরনের ভিডিও একসঙ্গে বা দীর্ঘ সময় ধরে দেখলে ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।শুধু ভিডিও নয়, টিকটকের অ্যালগরিদম ডিজাইনও প্রশ্নের মুখে : টিকটকের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের অভিযোগ এবারই প্রথম নয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি প্ল্যাটফর্মটির আসক্তি তৈরির প্রবণতাসম্পন্ন ডিজাইন নিয়ে প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করে কমিশন। সেখানে অবিরাম স্ক্রলিং, স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়া, পুশ নোটিফিকেশন এবং অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিক কনটেন্ট সুপারিশব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। কমিশনের মতে, এসব সুবিধা ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে আটকে রাখতে পারে। বিশেষ করে শিশু-কিশোরদের ঘুম, মানসিক স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এরপর ২৪ জুলাই শিশুদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়েও টিকটকের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ আনে কমিশন। অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট ও কনটেন্টের দৃশ্যমানতা নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা না থাকার বিষয়টি সেখানে উঠে আসে।

এভাবে কয়েক মাসের ব্যবধানে টিকটকের আসক্তি তৈরির নকশা, শিশুদের নিরাপত্তা এবং ক্ষতিকর কনটেন্টের দিকে ব্যবহারকারীদের ঠেলে দেওয়ার ঝুঁকি, তিনটি বিষয়েই কমিশনের তদন্তে গুরুতর উদ্বেগ সামনে এসেছে।প্রযুক্তি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ :সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর ইউরোপীয় কমিশন 'ইইউ কিডস অ্যাক্ট' এর প্রস্তাব গ্রহণ করে। এতে ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশে নিষেধাজ্ঞা এবং ১৫ বছরের কম বয়সীদের নিজস্ব অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সীমাবদ্ধতার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ডিজিটাল সেবা শিশুদের জন্য নিরাপদ কি না, তা প্রমাণের দায়িত্ব প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর দেওয়ার কথা বলা হয়েছে। এরপর ১১ নভেম্বর কমিশন 'ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্ট' এর প্রস্তাবও গ্রহণ করে। এতে আসক্তি তৈরির নকশা, ব্যবহারকারীর দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যক্তিকেন্দ্রিক বিপণন এবং বিভ্রান্তিকর ডিজিটাল ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। দুটি উদ্যোগই এখনো আইন প্রণয়নের প্রস্তাব পর্যায়ে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন অধিকার সংগঠনের মতে, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করাই সমস্যার স্থায়ী সমাধান নয়। এখানে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কীভাবে ব্যবহারকারীর মনোযোগ ধরে রাখতে অ্যালগরিদম ও প্ল্যাটফর্মের নকশা তৈরি করছে, সেই ব্যবস্থার পরিবর্তন জরুরি।ব্যবসায়িক মডেল বদলানোর চাপ : সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবসায়িক মডেলের বড় ভিত্তি হলো ব্যবহারকারীর মনোযোগ। ব্যবহারকারী যত বেশি সময় প্ল্যাটফর্মে থাকেন, তত বেশি বিজ্ঞাপন দেখানো এবং তার আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হয়। ফলে ব্যবহারকারীকে দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে রাখার মতো কনটেন্ট সুপারিশ করা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক স্বার্থের সঙ্গে যুক্ত।

সমালোচকদের অভিযোগ, এব্যবস্থায় ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার চেয়ে তাদের মনোযোগ ধরে রাখাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। টিকটকের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের সাম্প্রতিক অভিযোগ সেই প্রশ্নকেই সামনে এনেছে।ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের ৩৪ ও ৩৫ ধারায় বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে তাদের সেবার নকশা ও অ্যালগরিদম থেকে তৈরি হওয়া ঝুঁকি চিহ্নিত, মূল্যায়ন এবং তা কমানোর ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ফলে শুধু ক্ষতিকর ভিডিও সরিয়ে ফেললেই দায়িত্ব শেষ হবে না। এসব ভিডিও ব্যবহারকারীর কাছে পৌঁছানোর পেছনে প্ল্যাটফর্মের নিজস্ব ব্যবস্থার ভূমিকারও জবাবদিহির প্রশ্ন এসেছে।

টিকটকের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের তদন্ত তাই গুরুত্বে সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে শুধু জরিমানা নয়, প্ল্যাটফর্মটির বহুল ব্যবহৃত কনটেন্ট অ্যালগরিদম ডিজাইন বা সুপারিশব্যবস্থাতেও পরিবর্তন আনতে হতে পারে।

বাংলাদেশ কী করছে : বাংলাদেশের জনগোষ্ঠীর একটি অংশকে রিচ করার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে টিকটক। প্ল্যাটফর্মটির নিজস্ব বিজ্ঞাপনী ডেটা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ দেশটিতে ৬ কোটি ৮৩ লাখ মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ বিজ্ঞাপনী দর্শকের ৩৯ দশমিক ৭ শতাংশ নারী এবং ৬০ দশমিক ২ শতাংশ পুরুষ।ব্যবহারকারী পৌঁছানোর সক্ষমতা বৃদ্ধিতেও এগিয়ে রয়েছে টিকটক। এক বছরের ব্যবধানে বাংলাদেশে প্ল্যাটফর্মটির বিজ্ঞাপনী রিচে যুক্ত হয়েছে আরও ১ কোটি ২১ লাখ মানুষ। এতে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশ, যা দেশের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এ ছাড়া নীতিমালা লঙ্ঘন করায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশ করা ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। মুছে ফেলা ভিডিওর সংখ্যা টিকটকে প্রকাশ করা মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, টিকটকের এ উল্লম্ফন ও কার্যক্রমে দেশের জনগোষ্ঠীর মধ্যে কী প্রতিক্রিয়া হচ্ছে বা কতটুকু ঝুঁকি তৈরি হচ্ছে তা নীতিনির্ধারকদের সতর্কতার সঙ্গে দেখা উচিত। প্রয়োজনে বৈশ্বিক পদক্ষেপের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তারা বলছেন, বাংলাদেশে শিশু-কিশোরদের মধ্যে টিকটক ব্যবহারের ফলে আসক্তি, মানসিক স্বাস্থ্যহানি এবং কিশোর গ্যাং বা সাইবার অপরাধে জড়িয়ে পড়ার মতো গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে, এমন অভিযোগ অভিভাবকদের অনেক দিনের। এটি এখন উদ্বেগের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত