
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ । ঘটনাস্থল থেকে উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছ। সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর ঘনিষ্ঠ সহযোগী হাজী সামেদ আলী সাথে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আসছিলো। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোকে কেন্দ্র করে মাটি, শ্রমিক সরবরাহ সহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের সূত্রপাতে দু'গ্রুপের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও গুলির ঘটনা ঘটে।
টেঁটার আঘাতেও বেশ কয়েকজন আহত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় দুই পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। নতুন করে সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে