ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বরিশালে চোর আটক করতে গিয়ে গুরুতর আহত আনসার সদস্য

বরিশালে চোর আটক করতে গিয়ে গুরুতর আহত আনসার সদস্য

দায়িত্ব পালনে ঝুঁকি কিংবা প্রতিকূলতা কোনো কিছুই দমাতে পারেনি তার কর্তব্যনিষ্ঠা। নিজের নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে সরকারি সম্পদ রক্ষায় চোরকে আটক করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মিঠু হালদার। বরিশাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব পালনকালে তার এই সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপ দায়িত্বের প্রতি অবিচল নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল আনুমানিক ৬টায় বরিশাল বিমানবন্দরের আনসার গার্ডের ২৫ নম্বর পোস্টে দায়িত্ব পালনকালে মিঠু হালদার দেখতে পান, ঘাস কাটার শ্রমিকদের সঙ্গে এক ব্যক্তি পোস্টের ভেতরে প্রবেশ করে মাটি খুঁড়ে বৈদ্যুতিক কেবল চুরি করছেন।

বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করতে এগিয়ে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তি হাতে থাকা কাঁচি দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার হাতের আঙুল গুরুতরভাবে জখম হয়। ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আহত মিঠু হালদারকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বৃদ্ধাঙ্গুলির টেন্ডন কেটে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে জেলা কমান্ড্যান্টের অনুমতিক্রমে রেঞ্জ অফিসের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিপাহি মো. আজাদ হোসেনের সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিজের নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও অপরাধ প্রতিরোধে মিঠু হালদারের এই সাহসী পদক্ষেপ বাহিনীর সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের অনন্য প্রতিফলন। দায়িত্বের প্রতি অবিচল থেকে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদ, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।

আহত আনসার সদস্য,চোর আটক,বরিশাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত