ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জলাবদ্ধতা নিরসনে চসিকের বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম

জলাবদ্ধতা নিরসনে চসিকের বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে আজ রোববার থেকে খাল-নালা খননে ৪১ ওয়ার্ড জুড়ে কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

গত বুধবার নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী রোববার জামালখান লিচুবাগান, এনায়েত বাজার ওয়ার্ড এবং আন্দরকিল্লা সেবক কলোনিসহ তিনটি ওয়ার্ডে কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালিত হবে।

মেয়র জানান, জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ নালাগুলো চিহ্নিত করে দ্রুত পরিষ্কারের ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও ওয়ার্ডের পরিচ্ছন্নতা সুপারভাইজারদের সমন্বয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। একইসঙ্গে পুরো কার্যক্রম তদারকিতে ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ২০ কোটি টাকার বরাদ্দ দিয়েছে। এ অর্থ পেলে তা ব্যয়ে ছোট নালার জন্য অন্তত ৫০০টি নালা পরিষ্কারের পরিকল্পনা রয়েছে। গত বছর ১৪৮টি নালা পরিষ্কার করা হয়েছিল, যার ফলে বর্ষায় জলাবদ্ধতা অনেকাংশে কমে আসে। এবার আমরা আরও বড় পরিসরে কাজ করব, অন্তত ৫০০টি নালা পরিষ্কারের পরিকল্পনা রয়েছে। বলেন মেয়র। পরিবেশ ও সবুজায়ন প্রসঙ্গে মেয়র বলেন, বর্ষা মৌসুম গাছ লাগানোর উপযুক্ত সময়। প্রতিটি ওয়ার্ডে নেওয়া সবুজায়নের কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন ও গাছের সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সবুজায়নের বিষয়টি নিশ্চিত করবেন। তিনি প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়ে বলেন, বর্ষাকালে নালা-খালে দর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে অস্থায়ী বেষ্টনী স্থাপন করারও নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত