ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বান্দরবানে অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে বেহাল সড়ক

বান্দরবানে অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে বেহাল সড়ক

দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে ২০২৫ সালের শেষ দিকে শুরু হয় প্রায় ৩৫০ কোটি টাকার পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম।

তবে প্রকল্পের পাইপলাইন স্থাপনকে ঘিরে অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে এখন বেহাল দশায় পরিণত হয়েছে বান্দরবান পৌরসভার সড়কগুলো। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। প্রতিদিন যানজট, ধুলাবালি ও কাদার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। শহরের বালাঘাটা, কলাঘাটা, বনরূপা, নিউগুলশান ও হাসপাতাল সড়কসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কগুলো কাদায় পরিণত হচ্ছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

স্থানীয়দের অভিযোগ, পাইপলাইন স্থাপনের পর সড়কগুলো যথাযথভাবে সংস্কার না করায় পুরো শহর এখন ধুলাবালিতে ছেয়ে গেছে। এতে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে বলেও অভিযোগ তাদের। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পাইপলাইন স্থাপনের কাজ কয়েকটি ধাপে সম্পন্ন করতে হচ্ছে। একটি ধাপ শেষ হওয়ার পর আরেকটি ধাপ শুরু করতে হওয়ায় বারবার খোঁড়াখুঁড়ি করতে হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে পৌরসভার সঙ্গে সমন্বয় করে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আপাতত বর্ষা মৌসুম বিবেচনায় আংশিক সংস্কার কাজ চলছে। অন্যদিকে বান্দরবান পৌরসভা জানিয়েছে, শহরে একাধিক উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় বর্ষাকালে সড়কের বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত আংশিক সংস্কারের কাজ শুরু করা হয়েছে এবং বর্ষা শেষে সড়কগুলো পূর্ণাঙ্গভাবে সংস্কার করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত