
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গতকাল সোমবার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফল ভোগীদের মধ্যে বিনামূল্যে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাগল ও ছাগলের জন্য গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৩১ জন সদস্যদের মধ্যে দুটি করে মোট ২৬২টি ছাগল, প্রতি জনকে ৫টি করে ফ্লোর ম্যাট, ছাগলের ঘর নির্মাণের জন্য ৪টি করে পিলার, ২টি করে টিনসহ গৃহ নির্মাণের উপকরণ বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা বলেন, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়কে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে। তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা করে আসছে। এতে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি ও অর্থনৈতিক মুক্তি এনে স্বাবলম্বি করতে এই ছাগল বিতরণ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখন, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিষ্ণু পদ রায়।