ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আক্কেলপুরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আক্কেলপুরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে টাকা চুরির অভিযোগে সুজন আলী নামের এক যুবককে আটকে রেখে রাতভর পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি সেলিম হোসেন মেম্বারকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেপ্তার করেছেন। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হত্যা মামলায় গ্রেপ্তার সেলিম হোসেন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া বাজারের ইউপি সদস্য সেলিম হোসেনের কার্যালয় থেকে সুজন আলীর লাশ উদ্ধার করে আক্কেলপুর থানা পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্য সেলিম হোসেন সহ আরও চারজনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সুজনের স্ত্রী মারুফা খাতুন। পুলিশ ঘটনার দিনেই এজাহার নামীয় দুইজন আসামীকে গ্রেপ্তার করে। মামলার প্রধান আসামি ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক ছিলেন। মঙ্গলবার (৩মার্চ) রাতে র‌্যাব-২ ও আক্কেলপুর থানা পুলিশ রাজধানীর তেজকুনিপাড়া এলাকা থেকে সেলিম হোসেনকে গ্রেপ্তার করে। পরে বুধবার তাকে আক্কেলপুর থানায় নিয়ে আসা হয় এবং বৃহস্পতিবার (৫মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। থানায় করা মামলায় উল্লেখ করা হয়, ইউপি সদস্য সেলিম হোসেনসহ আরো কয়েকজন সুজনকে কাশিড়া বাজারে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে গিয়ে চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য রাতভর মারধর করেন। পরে সে মারা গেলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা জানান, ওই হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত