
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আসামি মো. সুজন শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ মো: সালাউদ্দিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি মো. সুজন শেখ পাবনা সদর থানার লস্করপুর দক্ষিণপাড়ার মনসুর আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই বেলা সাড়ে ১২টার গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শহরের লস্করপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. সুজন শেখ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৬৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়।