ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ আটক দুই

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ আটক দুই

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব আরিফ হোসেন। এর আগে, গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, আমানউল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের হাসান আলী বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম ও একই ওয়ার্ডের রহিম উদ্দিন বেপারী বাড়ির নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদক উদ্ধারে টহল ডিউটি পালন করছিল। ওই সময় কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ এগিয়ে যায়। একপর্যায়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালালে ফাহিমের পরিহিত প্যান্টের কোমরের সামনে গুঁজে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তলের দুটি তাজা কার্তুজও উদ্ধার করা হয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, গ্রেপ্তারকৃতরা পলাতক অন্য সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র বেচা-কেনার উদ্দেশে সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় আটক দুইজনসহ পলাতক একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত