ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান

নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পেট্রোল পাম্পগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা থানা, রূপগঞ্জ ও বন্দর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফতুল্লার প্রাইম ফিলিং স্টেশন, চৌরঙ্গী ফিলিং স্টেশন ও ফিরোজ ফিলিং স্টেশন পরিদর্শন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

পরিদর্শনকালে দেখা যায়, প্রাইম ফিলিং স্টেশন ও চৌরঙ্গী ফিলিং স্টেশন নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রয় করছে। তবে সব ক্রেতাকে বিক্রয় রশিদ প্রদান করা হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত সব বিধি-বিধান মেনে জ্বালানি বিক্রয় করা এবং প্রতিটি ক্রেতাকে বিক্রয় রশিদ প্রদান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

অন্যদিকে ফিরোজ ফিলিং স্টেশনটি গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে বলে পরিদর্শনকালে জানা যায়। এছাড়াও সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর, আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্টক রেজিস্টার যাচাই করে তথ্যের মিল পাওয়া যায়। ফলে কোনো পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়নি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানান, অভিযানে উপস্থিত ভোক্তাদের সঙ্গে কথা বলে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। যদিও কিছু ভোক্তার অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা লক্ষ্য করা গেছে, তবুও নির্ধারিত সীমার মধ্যেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। অভিযানে স্টক রেজিস্টার যাচাই করে তথ্যের মিল পাওয়া যায়।

তিনি আরও জানান, খোলা তেল বিক্রি নিষেধ করা হয়। এছাড়াও সরকারের নির্দেশনা অনুযায়ী তেল মজুত ও বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত