
সরকারি হাসপাতালে ডাক্তারেরা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করছে কি না তা পর্যবেক্ষণ করতে নরসিংদী পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরির্দশন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। গতকাল শনিবার সকাল ৮.৩০ মিনিটে কোনো ঘোষণা ছাড়াই হাসপাতালে আসেন মন্ত্রী। এই সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ ও রোগীর ওয়ার্ড এবং ডাক্তারদের চেম্বার ঘুরে দেখেন। দীর্ঘ ১ ঘণ্টা পরিদর্শনকালে হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটি থাকায় ১৬ জনের মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর মধ্যে ২ জন ডাক্তার আবার নির্ধারিত সময়ের পরে আসেন।
পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মত ডাক্তারেরা আসেন না। আমার খবর পেয়েছি। এর প্রেক্ষিতে হাসপাতাল পরির্দশন করার পর সত্যতা খুজে পেয়েছি। আমরা আজকে কর্তব্যরত ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনের অনুপস্থিত পেয়েছি যারা উপস্থিত হয়নি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরির্দশন কালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলাম এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।