ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ঘরে-বাইরে নারীর সুরক্ষা দাবি

ঘরে-বাইরে নারীর সুরক্ষা দাবি

আলোকিত ডেস্ক

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল পালিত আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল- আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।

চট্টগ্রাম : দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্যোগপ্রবণ চট্টগ্রামে পাহাড়ধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে নারীরা প্রায়ই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তাই নারীদের শুধু ভুক্তভোগী হিসেবে নয়, বরং সাহসী স্বেচ্ছাসেবক ও সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদের কনফারেন্স কক্ষে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও দুর্যোগ মোকাবিলায় নারীদের সাহসী ও সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র আরও বলেন, নারীর অধিকার বাস্তবায়নে সরকার, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কমিউনিটি পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ দুর্যোগের ঝুঁকি কমাতে এবং সামাজিক সহনশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ইপসা এরইমধ্যে কমিউনিটি পর্যায়ে নারী স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ ও অর্থনৈতিক উদ্যোগ সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক। এ ধরনের স্বীকৃতি তাদের কাজকে আরও এগিয়ে নিতে উৎসাহ জোগাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ বিচিত্রা সেন, বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক ডা. বাসনা মুহুরী, সাংবাদিক ভূঁইয়া নজরুল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সাহসী ও সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ৭০ জন নারী স্বেচ্ছাসেবক ও ক্ষুদ্র উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি মেয়র ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

খুলনা : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। খুলনার জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা ও বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। স্বাগত বক্তৃতা করেন মহিলাবিষয়ক দপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। সকালে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের নেতৃত্বে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রংপুর ব্যুরো : জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তারা সমাজের সবস্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরও বলেন, শুধু নারী-পুরুষের সমতা আনলেই হবে না, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে সমাজের পিছিয়ে পড়া নারীদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। নারী সহিংসতারোধে সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের নারীরা এখনও প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। এসব নারীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে সরকার প্রতিটি জেলায় লিগ্যাল এইড সেবা চালু করেছে। যেখানে নির্যাতিত নারীরা বিনামূল্যে আইনি সেবা পেয়ে থাকেন। প্রান্তিক অঞ্চলেও এই সেবা সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। নারীদের সমাজিক অবক্ষয় প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকার কারণে এখনও সমাজে নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না। পারিবারিক শিক্ষার মাধ্যমে নারীদের সম্মান দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, দেশ এখন উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এই অর্থনৈতিক উন্নয়নে নারীরা সহযাত্রী হিসেবে যুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমৃদ্ধ করতে নারী ও কন্যাশিশুদের ভবিষ্যৎ নিরাপদ নিশ্চিতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. সেলোয়ারা বেগম ও বিভিন্ন নারীবিষয়ক সংগঠনের প্রতিনিধি। সভা শেষে জুলাই যুদ্ধাহত পরিবারের সদ্যসদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

চাঁদপুর : জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির সহযোগিতায় আলোচনা সভা সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার। প্রধান অতিথি বলেন, সব প্রতিবন্ধকতা পেড়িয়ে নারীদের এগিয়ে আসতে হবে। নারীদের আজকের এই দিবসে প্রত্যয় নিতে হবে আমি ভবিষ্যতে কি হব এবং আমি কি হতে চাই। একজন নারী হিসেবে কোনটা আমার দায়িত্ব ও কোনটা আমার অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে হবে। তিনি নারীদের উদ্দেশে বলেন, আপনার সন্তান একজন মানবিক মানুষ হবে সেটা আপনাকেই তৈরি করতে হবে। তাকে লেখাপড়ায় মানুষ করতে হবে। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে একজন মাত্র নারী পিপি সেটা চাঁদপুরে। এটাও চাঁদপুরের নারীদের একটা গর্বের বিষয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমার সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর, উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, স্বাগত বক্তব্য রাখেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার, শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজী, জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর আক্তার, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. আলমগীর পাটওয়ারী, মহিলা চেম্বার্স অব কমার্সের সভানেত্রী মুনিরা আক্তার, নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী তানিয়া ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ানন্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার এসএম তানভীর হাসান।

ফরিদপুর : জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর ডায়াবেটিক ফাউন্ডেশনের (এফডিএফ) উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবির সহ-সভাপতি মনোয়ারা মোরশেদ, জান্নাতুল তাহিয়া রেভি, তাহসিন জেবা ও জান্নাতুল খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের দক্ষতা ও সক্ষমতার স্বাক্ষর রেখে দেশের উন্নয়নকে এগিয়ে নিচ্ছেন। নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বক্তারা আরও বলেন, সমাজে এখনও একটি মহল নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নারীদের এগিয়ে যাওয়ার পথে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসব বাধা দূর করে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় বক্তারা ফরিদপুরকে একটি নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীরা যেন সমাজে মর্যাদা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। প্রতিটি পরিবারে কন্যা ও নারীর অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক তাজ উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।

শেরপুর : জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও শেরপুর পৌরসভার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর। ওই সময় জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা ও নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে নারী দিবস উপলক্ষে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি পৌরসভা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কুড়িগ্রাম : জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং নারী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ড. আতিক মুজাহিদ, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এবং মো. মোস্তাফিজুর রহমান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার কাজী রীমা আক্তার, মাখলুক হাসান মবীন, ইমরানা আক্তার, ফারহানা ইয়াসমিন এবং জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। নারী শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারী ও পুরুষের সমঅংশগ্রহণের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা উল্লেখ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও নারী সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে।

গাইবান্ধা : বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা। সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সহ-সভাপতি কাকলী সাহা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, সদস্য বিথী বেগম প্রমুখ। বক্তারা বলেন, নারী মুক্তির ক্ষেত্রে প্রধান অন্তরায় নির্যাতন, পারিবারিক সহিংসতা, শারীরিক মানসিক নির্যাতন। বাংলাদেশে নারীবাদী আন্দোলন বা নারী মুক্তির আন্দোলন বহুকাল ধরেই চলছে, নারীরাও নানা ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, তা স্বত্বেও নারীর প্রতি সহিংসতা কমে নাই, খুন-ধর্ষণ বন্ধ হয় নাই, শ্রমজীবী নারীরা মজুরি বৈষম্যর শিকার। বখাটে-মাস্তানদের ভয়ে অভিভাবকদের বাল্যবিবাহ দিতে হয়, এসব কারণে নারী সমাজের প্রকৃত উন্নয়ন ব্যহত হচ্ছে, নারী সমাজের বৃহৎ অংশ শিক্ষায় পিছিয়ে পড়ছে ফলে নারী জীবনে স্বাভাবিক সুস্থ চিন্তা-চেতনা বিকশিত হচ্ছে না। এর সঙ্গে মরার উপর খাঁড়ার ঘা মতো আছে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার এবং পুরুষতান্ত্রিক কর্তৃত্ববাদ। এসব থেকে নারীরা মুক্তি চায়, এজন্য সামাজিক সচেতনতা দরকার, প্রয়োজন রাষ্ট্রীয় সদিচ্ছার।

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্ষুদ্রঋণের চেক বিতরণ এবং নারীদের জন্য বিশেষায়িত বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার ১৮ জন নারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ক্ষুদ্রঋণের চেক প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদের প্রবেশধারে নারীদের জন্য একটি বিশেষায়িত বিশ্রামাগার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিশাল লেডিস ক্লাবের সভাপতি নূরে নিগার সুলতানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তারসহ অন্যান্যরা। অন্যদিকে দিবসটি উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ত্রিশাল শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পিএফজি ত্রিশাল শাখার কো-অর্ডিনেটর মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ময়মনসিংহ আঞ্চলিক মাঠকর্মী আখতারুজ্জামান, অধ্যাপক খবিরুজ্জামান, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুর জাহান, সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং পিএফজি সদস্য তাসলিমা আক্তারসহ অনেকে।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। গতকাল সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে ইয়াসমিন সুলতানা বলেন, সরকার নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি শেষে মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর সম্পাদক মহশিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দলের আনার কলি, থানার প্রতিনিধি তাহেরা, তথ্য কর্মকর্তা হালিমা আক্তার, প্রেসক্লাব সম্পাদক খুরশিদ শাওন, সিডিএ-র ম্যানেজার সন্তোষ রায় প্রমুখ।

কালিগঞ্জ (সাতক্ষীরা) : কালিগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিশেষ কর্মকর্তা অন্যা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি সালেহা খাতুন, নারী উদ্যোক্তা রাবেয়া আফরিন প্রমুখ। উপজেলা পিএফজি গ্রুপের কো-অর্ডিনেটর সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নারী দিবসে উপজেলায় তিনটি স্টলের নারী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে উপজেলা নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও নারী সংগঠনের প্রতিনিধিসহ সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের প্রায় ১০০ জন নারী অংশগ্রহণ করেন। এ সময় নারী অধিকার, সমতা ও উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কলমাকান্দা (নেত্রকোনা) : কলমাকান্দা উপজেলায় মহিলা পরিষদ কলমাকান্দা জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। মহিলা পরিষদের আয়োজনে কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সারা বাজার প্রদিক্ষণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক চন্দনা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌশনারা পারভীন নওরোজ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা কামরুন নাহার, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা কপতী ঘাগ্রা, মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রাখি খানম, অর্থ সম্পাদক মালেকা খাতুন, সাংগঠনিক সম্পাদক রেখা আক্তার, প্রচার সম্পাদক রীনা হায়াৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

মধুখালী (ফরিদপুর) : মধুখালী উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম তানজিম নাইম। আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, নারীর নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের সদস্যসহ অসংখ্য নারী ও শিশু উপস্থিত ছিলেন।

চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমাদুল হোসেনের সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা মো. নূরনবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন-রাজনৈতিক নেতারা, এনজিও কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় সংবাদকর্মীরা। সভায় নারীর অধিকার বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত