
যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল ও ৩৮ লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান। এ সময় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার অপরাধে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে একই বাজারের রুহুল আমিন নামে অন্য ব্যবসায়ীকে ওজন ও পরিমাণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। একই দিন বিকালে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ এ জ্বালানি তেল জব্দ করেন।