ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চরফ্যাশনে অবৈধ ইটভাটায় পুড়ছে বনের কাঠ

জনস্বাস্থ্য হুমকির মুখে
চরফ্যাশনে অবৈধ ইটভাটায় পুড়ছে বনের কাঠ

জনঘনবসতিপূর্ণ ও নদী ভাঙ্গন কবলিত এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্নে কিংবা ফসলী জমিতে ইটভাটা তৈরির নিয়ম নেই। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা বিধি অমান্য করে ভোলার চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নে গড়ে তুলেছেন পরিবেশ অধিদপ্তরের লাইসেন্সবিহীন ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের হিসাব মতে এ উপজেলার ৩৩টি ইটভাটার মধ্যে ১৭টি লাইসেন্সবিহীন। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর লাইসেন্সবিহীন ভাটাগুলোতে নামমাত্র জরিমানা করে পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন। নামমাত্র জরিমানা দিয়ে ভাটা চালানোর সুযোগ থাকায় মালিকরা লাইসেন্স গ্রহণে আগ্রহী হচ্ছেন না। একারণে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। অপরদিকে একের পর এক অবৈধ ভাটা তৈরি হচ্ছে।

জানাগেছে, উপজেলার বেতুয়া পর্যটনস্পট সংলগ্নে চলছে ৫টি ইটভাটা। এসব ভাটার ধোয়ায় পর্যটন স্পটে আসা পর্যটকরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। এছাড়া উপজেলার নীলকমল, চরমানিকা, চরকলমি ইউনিয়নের বিভিন্ন স্পটে গড়ে ওঠেছে ইটভাটা। সরকারি নিয়মানুযায়ী ভাটাগুলো তৈরি না হওয়ায় এবং কাঠ পোড়ানোর কারণে এসব ভাটার ধোয়ায় আশপাশের ঘরবাড়ি, বাগানের গাছপালা নষ্ট হচ্ছে। কাশি-শ্বাসকষ্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সচেতন মহল তাই অবৈধ এসব ভাটা বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের নতুন স্লুইজঘাট সংলগ্ন মেঘনা নদী তীরবর্তী স্থানে নতুনভাবে একটি ভাটা তৈরির কাজ চলমান আছে। অভিযোগ উঠেছে, পরিবেশ অধিদপ্তর, ভোলার এক কর্মকর্তাকে ম্যানেজ করে অবৈধ ভাটাগুলো চলছে। পরিবেশ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মো. তোতা মিয়া বলেন, আমাদেরকে ম্যানেজের অভিযোগ সঠিক নয়। প্রতিবছর অভিযানকালে নিয়মানুযায়ী ভাটা তৈরি এবং পরিচালনা করার নির্দেশনা দিয়ে অবৈধ ভাটা বন্ধসহ জরিমানা করা হলেও তারা নিয়মের মধ্যে আসছেন না। চলতি মৌসুমে একাধিক ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার এমাদুল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। পরিবেশের ক্ষতি করে কোনো ধরনের ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। আমরা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত