
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে।
গত রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে ৭টি যানবাহনের চালককে পৃথক ৭টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে অভিযান চলাকালে বিভিন্ন যানবাহন থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে গাড়ি চালকদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন।