ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মিতু হত্যার রহস্য উদঘাটন আটক চার

মিতু হত্যার রহস্য উদঘাটন আটক চার

নওগাঁয় চাঞ্চল্যকর মিতু বানু হত্যার ৪০ দিন পর রহস্য উদঘাটনসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত তিনদিনে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পুলিশের মিডিয়া সেলে এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- নওগাঁ সদর উপজেলার জাহান আলী, সামিদুল, সুজ্জাত ও রেন্টু ইসলাম। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত ২৫ জানুয়ারি রাতে জাহান আলী নামে এক ব্যক্তি নওগাঁ সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামের মনতাসুরকে ফোনে জানায় তার বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে একটি লাশ আছে। পরদিন সকাল ১০টার দিকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। কয়েক ঘন্টার মধ্যে লাশের পরিচয় সনাক্ত করে মিতু বানু নামে এবং তিনি শহরের বাসিন্দা। ঘটনায় থানায় একটি মামলা হয়।

বিষয়টি তদন্ত গভীরভাবে করার জন্য পুলিশ সুপার ক্রাইম এবং সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ মার্চ জাহান আলীকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ৯ মার্চ আসামি সামিদুল ও সুজ্জাত এবং গতকাল মঙ্গলবার রেন্টু ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়- আসামি সামিদুল ও জাহান ১২ হাজার টাকায় মিতু বানুকে চুক্তি করে নওগাঁ শহর হতে বিল ভবানী গ্রামে নিয়ে যায়। ওই গ্রামের মালা নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে জাহান আলী, রিটু, সুজ্জাত, সামিদুল ও অজ্ঞাতনামা আরও কয়েকজন অসামাজিক কাজের জন্য সেখানে যায়।

পরবর্তীতে তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলা হলে ভিকটিম মিতু চিৎকার করে। সম্মানের ভয়ে আসামি রেন্টু তার মুখ ও গলা চেপে ধরে, বাকি আসামিরা কেউ হাত-পা ধরে। কিছুক্ষণ পর মিতু মারা গেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত