ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যালয়ের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যালয়ের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে শহিদ অ্যাকাডেমিক স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া শাখায় এ ঘটনা ঘটে।

নিহত মুহিদুল ইসলাম লামিত। তিনি ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুহেল রানার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকাল সাড়ে ৯টায় শহরের সাবালিয়াস্থ শহিদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের ভবনের নিচ থেকে মুঈদ নামে ওই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রতিষ্ঠানের এক আয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুইদকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ব্যবসায়ী লুৎফর রহমান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে ক্লাস খোলা রাখায় এতবড় ধরনের দুঘর্টনা ঘটেছে। এরপূর্বেও টাঙ্গাইলের একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হত্যাসহ একাধিক দুর্ঘটনা ঘটলেও সেগুলো ধামাচাপা পড়েছে। শহিদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল আলম শহীদ জানান, মুঈদের সঙ্গে তার বাবা-মায়ের ঝগড়া হয়েছে। সে আবাসিক থেকে পালাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। তিনি আরও জানান, স্কুল ও আবাসিক বন্ধ রাখলে অভিভাবকরা বেতন দেন না। তাই শিক্ষার্থীদের বেতন তোলার জন্য সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মর্গে গিয়ে লাশটিও দেখে এসেছেন। ছেলেটির মুখ-মণ্ডল থেতলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত