
অস্বাভাবিকভাবে বেড়েছে মশার উপদ্রব। এতে দুর্বিষহ হয়ে উঠেছে পাবনার চাটমোহর পৌরবাসীর জীবন। মশা নিয়ন্ত্রণে তেমন উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। প্রথম শ্রেণির পৌরসভা চাটমোহরে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী। মহল্লাবাসী ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও মশার কামড় থেকে রেহাই পাচ্ছেন না। মশার কয়েল বা স্প্রে করেও তেমন ফল মিলছে না।
মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন মহল্লায় মশা জন্মানোর অনুকূল পরিবেশ বিদ্যমান। এ পৌরসভার উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া বড়াল নদ এখন মশা উৎপাদনের ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরসভার ময়লা-আবর্জনা নিয়মিত ফেলা হচ্ছে বড়াল নদে। দখলের পাশাপাশি বড়াল এখন মারাত্মক দূষণের শিকার। কচুরিপানা আর আবর্জনার স্তূপ এখন বড়ালের বুকে। এখান থেকেই প্রতিনিয়ত ঝাঁকে ঝাঁকে মশা উঠে আসছে পৌরসভার বাসা-বাড়িতে।