
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এরশাদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করে। আটক এরশাদ ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া ২ নম্বর ওয়ার্ডের মিয়া জান চৌধুরী বাড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাকিনের ঢালার মুখ নামক স্থান থেকে এরশাদকে জাফর জমিদারের মালিকানাধীন টিনসেড ভাড়া ঘর থেকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি মতে ৪টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, ৪টি কুড়াল ও দা উদ্ধার করা হয়। পুলিশের টের পেয়ে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে হাটহজারী থানার মামলা করা হয়েছে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান জানান, এরশাদের বিরুদ্বে মামলা করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।