
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক কর্মজীবী নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়া উপজেলার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে জাকির মিয়া, মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে কাওছার আহমদ এবং সদর উপজেলার গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া। গতকাল বুধবার মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের সময় কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা কর্মজীবী নারী ফাতেমা পারভেজ নিশি শ্রীমঙ্গলে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে কমলগঞ্জের বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪) এসে তাকে শ্রীমঙ্গল যাবেন কি না জিজ্ঞাসা করে। তিনি যেতে অস্বীকৃতি জানালে গাড়িটি আশপাশে ঘোরাফেরা করতে থাকে। পরবর্তীতে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু করলে গাড়িটি তাকে অনুসরণ করে তার বাড়ির রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে গাড়িতে থাকা এক যুবক নেমে তার মুখ চেপে ধরে জোরপূর্বক টেনে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। তবে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চিৎকার করে তাদের হাত থেকে ছুটে পালিয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হন।
এ ঘটনার পর ভিকটিমের অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানায় মামলা করা হয়। মামলার পর মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজুর নির্দেশনা ও তত্ত্বাবধানে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে।