
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় অপর ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন। আদালত সূত্রে জানা যায়, গত ৭ তারিখ দিবাগত রাতে বাস টার্মিনালে বাস পোড়ানোর ঘটনায় করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর এবং ‘দ্য রেড জুলাই’-এর জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা অন্য একটি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর এবং নেতা রাসেল হোসাইনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।