
ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল ব্রিজের পাশে শিমুল ফুলের ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা বেলকুচি উপজেলার বাসিন্দা এবং সম্পর্কে খালাতো ভাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। জিআরপি সিরাজগঞ্জ থানার ওসি দুলাল উদ্দিন জানান, উক্ত ব্রিজের উভয়পাড় বসন্তের শিমুল ফুল ফুটে উঠছে। এ ফুল দেখতে ও সেলফি তুলতে তরুণ-তরুণীরা প্রতিদিন সেখানে ভিড় জমায়। গতকাল বৃহস্পতিবার বিকালে ওই ২ যুবক ব্রিজের পাশে শিমুল ফুলের ছবি তুলতে যায়। এ সময় দ্রুতগতিতে ঢাকাগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।