ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কালবৈশাখির তাণ্ডবে বিধ্বস্ত রাণীশংকৈল, নিহত এক

কালবৈশাখির তাণ্ডবে বিধ্বস্ত রাণীশংকৈল, নিহত এক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হঠাৎ রাতের ঝড়ে ঘরের দেওয়াল চাপা পড়ে রেজুয়ান (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ভুট্টা, গম, সরিষা ও বোরো ধানের চারাসহ কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়ে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজুয়ান স্থানীয় অটোরিকশাচালক তাহেরুল ইসলামের ছেলে এবং নেকমরদ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নিজ শয়নঘরে ঘুমিয়ে ছিল রেজুয়ান। ঘরের লিনটনের ওপরের দেওয়ালের সঙ্গে তার দিয়ে টিনের চালা বাঁধা ছিল। রাতে হঠাৎ ঝড় শুরু হলে টিনের চালা উড়ে যাওয়ার সঙ্গে দেয়ালটি ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা রেজুয়ানের ওপর দেওয়ালটি চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ঝড়ের তাণ্ডবে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই খুটিয়াটুলি, নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ, নেকমরদ, ধর্মগড়, কাশিপুর ইউনিয়নের কাউন্সিল ও মহারাজা, জগদলসহ সব ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভুট্টা, গম, সরিষা ও বোরো ধানের চারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সরেজমিনে দেখা যায়, অনেক ভুট্টাক্ষেত মাটিতে লুটিয়ে পড়েছে। খুটিয়াটুলি গ্রামের কৃষক মোস্তফা, বেল্লাল, সাদেক, রহমান মাস্টার ও মোজাম্মেলসহ কয়েকজন কৃষক জানান, তাদের কয়েক একর জমির ভুট্টা ঝড়ে মাটিতে নুয়ে পড়েছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঝড়ে দেওয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে ঝড়ে প্রায় ১ হাজার ৮১ হেক্টর জমির গম এবং প্রায় ৬৫০ হেক্টর জমির ভুট্টা মাটিতে নুয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত