
মানবিক সাড়াদানে গুণগত অর্থায়ন (Quality Funding) এবং ঝুঁকি ভাগাভাগি নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পালস্-এর উদ্যোগে বৃহস্পতিবার কক্সবাজার শহরের একটি স্থানীয় হোটেলের সম্মেলন কক্ষে ‘প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ : মানসম্মত অর্থায়ন ও ঝুঁকি ভাগাভাগির অগ্রযাত্রা’ শীর্ষক এই লোকালাইজেশন বিষয়ক সেমিনার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় টুগেদার প্রকল্প এর আওতায় আয়োজিত এ সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন পালস্-এর অবৈতনিক নির্বাহী পরিচালক আবু মোরশেদ চৌধুরী।
সেমিনারে টুগেদার প্রকল্পের আওতায় বাংলাদেশসহ আটটি দেশে পরিচালিত কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন মাল্টিজা ইন্টারন্যাশনাল বাংলাদেশের সমন্বয়কারী মোহাম্মদ আরিফ দেওয়ান। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পালস্-এর প্রকল্প সমন্বয়কারী রাশেদুল হাসান।
পরে পালস্-এর নির্বাহী পরিচালক আবু মোরশেদ চৌধুরী-এর সঞ্চালনায় মানবিক সাড়াদানে গুণগত অর্থায়ন, ঝুঁকি ভাগাভাগি এবং লোকালাইজেশন বিষয়ক একটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হয়।
প্যানেল আলোচনায় অংশ নেন শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন কমিশনের প্রতিনিধি ও ক্যাম্প-ইন-চার্জ (উপসচিব) মো. শরিফুল ইসলাম, ব্রাক এর সিনিয়র পরিচালক এ কে এম মোরশেদ, বিটা সংস্থার নির্বাহী পরিচালক শিশির দত্ত, মাল্টিজা ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর কীর্তি, ISCG -এর প্রিন্সিপাল কো-অর্ডিনেটর ডেভিড বাগড্যান, মুক্তি কক্সবাজার-এর প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার, UNHCR প্রতিনিধি এস্ট্রিট, এনজিও প্লাটফর্ম এর কো-অর্ডিনেটর মার্কো মিলজ্যভিক, জেনাস-এর নির্বাহী পরিচালক শিউলি শর্মা, Oxfam-এর হেড অব ফিল্ড অফিস জোবাইদা আখতার এবং সুশীলন-এর উপদেষ্টা মো. মুজিবুর রহমান।
এছাড়া কক্সবাজার প্রেসক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার সিভিল সোসাইটির সদস্য সচিব অ্যাডভোকেট রমিজ আহমদ, সদস্য অ্যাডভোকেট আব্দুস শুক্কুর, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।