
শরীয়তপুরের নড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৭০০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে হালিমা-খালেক ফাউন্ডেশন।
গতকাল শনিবার বেলা ১২টার সময় উপজেলার নশাসন মাঝিরহাট মাঠে হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক হাবিবুর রহমান পলাশের সভাপতিত্বে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিরণ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করাই জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব। আমরা যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি, তবেই জনগণের দেওয়া ভোটাধিকার সার্থক হবে। অন্যথায় একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সফল হতে পারব না। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তাই আমার নির্বাচনি এলাকার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় তালিকা প্রণয়নের মাধ্যমে প্রতিবছর গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পর্যায়ক্রমে দারিদ্র্যের হার কমিয়ে আনতে হবে এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
দ্রুত সময়ের মধ্যেই আমাদের সমাজে যারা গৃহহারা, অসহায়সহ যাদের পাশে দাঁড়ানোর মত কেউ নেই তাদের পাশে দাঁড়াতে চাই। নড়িয়া-সখিপুর এলাকার কোনো অসহায় মানুষ যেন কখনও না খেয়ে ঘুমাতে যেতে না হয়।
এটাই আমার অঙ্গীকার। একই সঙ্গে যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, সহ-সভাপতি কারুল আহসান মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিএম আজিজুল হাকিম, নশাসন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক মাহবুব আলম ফকির, ফাউন্ডেশনের পরিচালক মোসাম্মৎ সাধনা মাঝিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।