
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, নারীদের সঠিকভাবে এগিয়ে নিতে পারলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো আরও দ্রুত অগ্রসর হবে। গতকাল শনিবার রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকার যে পরিমাণে সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে, সেখান থেকে উত্তরণের অন্যতম পথ হলো নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবায় ব্যাপক অংশগ্রহণ এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি। মাছপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আধুনিক শিক্ষার সঙ্গে প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।