
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল রোববার অতিরিক্ত জেলা জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আরিফা খাতুন, আসাদুল ইসলাম, আব্দুর রশীদ ও জিহাদ আলী। এ সময় প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে বিচারক।
নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামের মোবারক হোসেন ২০২০ সালের ১৫ জুন বাড়ির পাশের বেড়ি বিলে পটলের জমিতে কাজ করতে যায়। এরপর মোবারক দুপুরে একই এলাকায় তার শ্বশুরবাড়িতে খাওয়া শেষ করে পুনরায় বিলে জমিতে চলে যায়। এদিকে বিকাল শেষে সন্ধ্যা হতে চললেও মোবারক বাড়িতে ফিরে না আসলে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন বিলে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার পর বিলের মধ্যে থেকে মোবারক হোসেনের হাত পা পাট দিয়ে বাধা অবস্থায় দেখতে পায় তারা। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত মোবারক হোসেনের স্ত্রী রানী বেগম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতিবেশী আরিফা খাতুনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আরিফা খাতুনের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে জড়িত আসাদুল ইসলাম, আব্দুর রশীদ ও জিহাদ আলীর নাম প্রকাশ করে।