
ফেনীতে গভীর রাতে কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। গতকাল রোববার ভোরে ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাক্টার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হোনা মিয়া একই উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও এলাকায় যুবদল কর্মী হিসেবে পরিচিত।
আহতরা হলেন- পাঠাননগর ইউনিয়নের পূর্ব সিলুয়া গ্রামের জানে আলমের ছেলে আলাউদ্দিন সুজন ও একই গ্রামের নূর আলম। তারাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিষেধাজ্ঞা শর্তেও দীর্ঘদিন ধরে কৃষিজমির মাটি কেটে নিয়ে যাচ্ছিল একটি চক্র। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কড়া পাহারায়ও তাদের ঠেকানো যাচ্ছিল না। গত কয়েকদিন ধরে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ নামক স্থানে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। গত শনিবার রাতে ওই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। রাত ৩টার দিকে সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হোনামিয়া নামের একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। এরা হলেন, একই উপজেলার মটুয়া গ্রামের জাকির আহমদের ছেলে কামরুল হাসান জাহিদ, আবদুর রৌফের ছেলে ইসমাইল হোসেন মুন্না, জাকির আহমদের ছেলে কামরুজ্জামান ফারুক, আবুল হাসেমের ছেলে মো: ইস্রাফিল ও সফিকুর রহমানের ছেলে আজমিরুল ইসলাম, দক্ষিণ মটুয়ার মজিবুর রহমানের ছেলে আবদুর রহমান রকি, মীরসরাই উপজেলার হিছাছড়া গ্রামের নাছির উদ্দিন মজুমদারের ছেলে ফয়েজ মোহাম্মদ মাহাদী। এদের মধ্যে জাহিদ ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও অন্যান্যরা একই সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা ।